সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নায়ক আকবর হোসেন পাঠান ফারুক ছিলেন জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য। নায়কের মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যায়। তাই আগামী সংসদ নির্বাচনের তার আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।
আজ মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর ফটকে ফারুকের লাশ গ্রহণের সময় সংবাদ মাধ্যমকে তিনি এমনটা জানান।
সিদ্দিকুর রহমান বলেন, ফারুক ভাই ঢাকা-১৭ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। তিনি সেখানে অনেক ভালো ভালো কাজ করে গেছেন। কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকায় তার কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিলে একজন শিল্পী হিসেবে তার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে সবচেয়ে বেশি মনোযোগ দেব।
তিনি বলেন, ঢাকা-১৭ আসন ভিভিআইপি এলাকা। এই আসনে শিল্পীরা নির্বাচন করেন। ফারুক ভাই যেহেতু আর নেই তাই আমি এই আসন থেকে নির্বাচন করতে চাই। তিনি অসুস্থ থাকা অবস্থাতেই আমি নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছি। ঢাকা-১৭ আসন (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) এলাকার জনগণের সেবা করতে চাই। যদিও অনেক আগে থেকেই এই সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছি।
চলচ্চিত্রে ফারুকের অসামান্য অবদানের কথা স্মরণ করে অভিনেতা সিদ্দিক বলেন, আমরা ভেবেছিলাম ফারুক ভাই চিকিৎসা শেষে হেঁটে বিমানবন্দর থেকে বের হবেন। কিন্তু তিনি ফিরলেন লাশ হয়ে। ফারুক ভাইয়ের মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারিয়েছি। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি।
এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইটে ফারুকের লাশ দেশে আনা হয়। সকাল ৮টা ৫ মিনিটে আট নম্বর ফটক দিয়ে তার লাশ বের করা হয়। এরপর উত্তরায় নিজ বাসভবনে নেওয়া হয় লাশ। সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।
এবিএস





