তিনি দু’বারের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী৷এবার তিনি পরিচালকের ভূমিকায়৷মায়ের পরম্পরা ধরে রাখতে কঙ্কণা সেনশর্মা যে তৈরি তা বোঝা যায়, যখন তার প্রথম পরিচালিত ছবি ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’-এর ট্রেলার প্রকাশ হয়৷
তখন থেকেই বলিউড-টলিউড উচ্ছ্বসিত অপর্ণা তনয়ার প্রতিভার জৌলুসে৷ বৃহস্পতিবার হচ্ছে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এতে স্পেশাল প্রেজেন্টেশন সেকশনে প্রিমিয়ার হবে কঙ্কণার প্রথম ছবির৷ তার আগে কঙ্কণা নিজেই সামনে এনেছেন তার ছবির প্রথম পোস্টার।
আবার আলোচনায় কঙ্কণা
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পোস্টারটি নিয়ে প্রশংসার ঝড়৷ জোয়া আখতার, রজত কাপুর, কুণাল কাপুর, সুমন মুখোপাধ্যায়, সুমন ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী, রঞ্জন পালিতসহ টলিউড ও বলিউডের অনেকে কঙ্কণাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, কঙ্কণা নিজে জানিয়েছেন, পোস্টারটি ‘ডিনামাইট’-এর ডিজাইন করা৷ এত চমৎকার ডিজাইন, দেখলে মনে হয়, একটা উপন্যাসের বইয়ের কভার যেন৷আর পাঁচটা হিন্দি বা বাংলা ছবির পোস্টারের সঙ্গে কোনও মিল নেই এর৷ দোসর, মিঃ অ্যান্ড মিসেস আইয়ার, পেজ থ্রি, ওয়েক আপ সিড, তলওয়ার পেরিয়ে কঙ্কণা এখন পুরোদস্তুর পরিচালকের ভূমিকায়৷তার এই ছবি ১৯৭০-এর প্রেক্ষাপটে নির্মিত৷ একটি পরিবার, সতু নামে একটি ছেলের চোখ দিয়ে দেখা যাবে ম্যাকলাক্সিগঞ্জে ছুটি কাটাতে যাওয়ার জার্নি এবং তার প্রেক্ষিতে পরিবারটির সঙ্গে জড়িয়ে থাকা ঘটনাপ্রবাহ, যা হয়তো বদলে দেবে অনেককিছুই৷ থ্রিলার, কিন্তু শুধুই থ্রিলার এমনটা বলা যাবে না৷ মাল্টিলিংগুয়্যাল এ ছবির সিংহভাগ শুটিং হয়েছে ঝাড়খণ্ডে৷
মুখ্য ভূমিকায় বিক্রান্ত ম্যাসি৷ এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, কল্কি কোয়েচলিন (এই ছবিতে তিনি বাঙালিনি মিতালি), তিলোত্তমা সোম, গুলশন ডেভাইয়া, ওম পুরি৷ এছাড়া কঙ্কণার প্রাক্তন স্বামী রণবীর শোরেও আছেন একটি ইন্টারেস্টিং চরিত্রে৷ আর রয়েছেন ‘নিরজা’ খ্যাত জিম সার্ভ৷
আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যাল৷ কঙ্কণার ছবিটি নিয়ে এখন থেকেই আগ্রহ তুঙ্গে৷ এছাড়া ছবিটি দেখানো হবে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও৷ এই ছবিটি ছাড়াও সেখানে প্রদর্শিত হবে বুদ্ধদেব দাশগুপ্তর টোপ এবং সুমন ঘোষের ‘মি আমোর’৷
এসএ





