ধর্ষণ নিয়ে বেফাঁস মন্তব্যের কারণে বেশ বিপাকেই পড়তে হচ্ছে বলিউড তারকা সালমান খানকে। এবার হরিয়ানার ধর্ষিতা এক তরুণী ক্ষমা চাইতে বলে আইনি নোটিশ পাঠিয়েছেন তাকে।
পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতের অ্যাডভোকেট রজত কালসানের মাধ্যমে ২৫শে জুন মুম্বইয়ের বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের ঠিকানায় নোটিশ পাঠান তিনি। ধর্ষণের শিকার হওয়া নারীদের মানহানির কারণে ১০ কোটি রুপি ক্ষতিপূরণও চেয়েছেন এ তরুণী।
এদিকে হরিয়ানার এ তরুণীর অভিযোগ, গণধর্ষিতা নারীদের সঙ্গে অ্যাকশন দৃশ্যে কাজের তুলনা করে ধর্ষিতাদের দুর্দশা নিয়ে ঠাট্টা করেছেন সালমান। চার বছরে আগে মেয়েটিকে অপহরণ করে ১০ জন পুরুষ গণধর্ষণ করেছিল। অপরাধীদের আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এ ঘটনার পর মেয়েটির বাবা আত্মহত্যা করেন।
এর আগে ভারতের জাতীয় নারী কমিশন থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েও অনেকে সালমানকে ক্ষমা চাইতে বলেছেন।
ঘটনার সূত্রপাত ঘটে এক সংবাদ সম্মেলনে। সাংবাদিকরা সালমানের কাছে জানতে চেয়েছিলেন ‘সুলতান’ ছবিতে কুস্তিগীর চরিত্রে কাজের অভিজ্ঞতা কেমন লেগেছে? উত্তরে তিনি বলেন, নিজেকে ধর্ষিতা নারী মনে হচ্ছে। দৃশ্যধারণ শেষে সোজা হাঁটতে পারতাম না। সালমানকে এমন বক্তব্যের বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। কানপুর ও লক্ষ্মৌ আদালতে মামলা দায়েরও হয়েছে তার বিরুদ্ধে।
বলিউডের এ অভিনেতার বাবা সেলিম খান ছেলের হয়ে ক্ষমা চেয়েছেন টুইটারে।
এমআইএস





