‘বোঝে না সে বোঝে না’, ‘বাঙালি বাবু ইংলিশ মেম’, ‘গল্প হলেও সত্যি’, ‘যোদ্ধা-দ্য ওয়ারিয়র’ এমন অনেক দর্শক নন্দিত ছবির নায়িকা মিমি  চক্রবর্তী। কলকাতার এই নায়িকা ঢাকাই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলে জানা গেছে।

বাংলাদেশেরই একজন নাম করা নির্মাতা মিমিকে নিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রটি জানায় এরই মধ্যে মিমির হাতে নাকি পাণ্ডুলিপিও পোঁছে দেয়া হয়েছে। ছবিটিতে কলকাতার এই নায়িকার বিপরীতে বাংলাদেশের এক ছবি মুক্তিপ্রাপ্ত সুদর্শন তরুণ একজন হিরো থাকবেন। তবে সবকিছুই এখন নির্ভর করছে মিমির সিদ্ধান্তের ওপর।

 মিমিকে নিজেদের নায়িকা হিসেবে রাখার জন্য বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানটি কলকাতার সুপারহিট চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তীর সাথে যোগাযোগ করছেন বলে জানা গেছে। কারণ রাজের সাথে মিমির একটি ভালো সম্পর্ক রয়েছে। আর মিমিও চাইছেন রাজ ছবির পাণ্ডুলিপি দেখে হ্যাঁ বললেই তিনি ঢালিউডে পা রাখবেন।

সবকিছু চূড়ান্ত না হলে প্রযোজনা প্রতিষ্ঠানটির একটি সূত্র জানায় ঢাকার ছবিতে মিমির অভিনয় এখন সময়ের ব্যাপার। এরআগে মিমির সমসাময়িক নায়িকা শুভ্রশ্রী দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’ নামের ছবিতে অভিনয় করেছিলেন। তবে ছবিটি ব্যাপকভাবে ফ্লপ হয়। এখন মিমি বাংলাদেশের ছবিতে অভিনয় করে কতোটা সফলতা অর্জন করতে পারেন তা সময়ই বলে দিবে।

ইআর