বাউল সম্রাট ফকির লালন শাহ-র সমাধিস্থল কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তার ১২৬তম তিরোধান দিবসের আয়োজনকে ঘিরে আখড়া বাড়িতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী লালন তিরোধান উৎসব।
এ উপলক্ষে রোববার রাত সাড়ে নয়টায় লালন মেলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিরোধান দিবসের উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বাঙালি সংস্কৃতির মহান পুরুষ হলেন লালন।
তিনি আরো বলেন, লালনের দর্শন মানিবকতা, উদারনীতি, সহবস্থান ও মানুষকে ভালোবাসার দর্শন। এদেশে ধর্ম যার যার, বাঙালি সংস্কৃতি সবার। এ সময় তার সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো: জহির রায়হানের সভাপতিত্বে এ সময় মানবতা ধর্মের প্রবর্তক লালন ফকিরের উপর আলোচনা করেন গবেষক প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, লালন মাজারের প্রধান খাদেম লালন অনুসারী মোহাম্মদ আলী ফকির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়মীলীগের সভাপতি সদর উদ্দিন খান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক তাইজাল আলী খান প্রমুখ।
আলোচনা শেষে মূল মঞ্চে লালন একাডেমির শিল্পীরা লালনের আধ্যাত্মিক গান পরিবেশন করেন। আর এতে মেতে ওঠেন লালন ভক্ত ও দর্শনার্থীরা। তবে এর আগেই সাধু, ভক্তদের সমাগমে লালন আখড়াবাড়ির পুরো এলাকা পরিপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে, লালন মেলায় একতারা-দোতারাসহ হরেক রকম পন্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। বিশাল এই উৎসব নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ১৮ অক্টোবর আনুষ্ঠানিক সমাপ্তির পরও বাউলদের এই প্রাণে সম্মিলন চলবে আরো কয়েকদিন।
এমএনজে





