সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুন মনিরা ন্যান্সি আর্জেন্টিনার কট্টর সমর্থক।
ঈদকে ঘিরে অ্যালবামের ব্যস্ততা থাকলেও আর্জেন্টিনার ম্যাচগুলো দেখতে ভুল করেন না। খুব মনোযোগ সহকারে বড় মেয়ে রোদেলাকে নিয়ে উৎসবের সঙ্গে খেলা দেখেন।
মঙ্গলবার রাত ১০টায় সুইসদের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বেশ আশাবাদী বর্তমান সময়ের সাড়া জাগানো এ কণ্ঠশিল্পী ন্যান্সি।
বর্তমানে ঢাকায় অবস্থান করা ন্যান্সি বলেন, স্বামী, ছোটভাই ও বড় মেয়েকে সঙ্গে নিয়ে একসঙ্গে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ দেখবো। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আজ আবার মেসি জ্বলে উঠবেন। গোল তো করবেনই। প্রথমবারের মতো হ্যাট্রিক হলে আরো ভালো হয়।’
তিনি বলেন, ‘মেসি ৩ ম্যাচে ৪ গোল করেছে। এ ফুটবল যাদুকরই আর্জেন্টিনার স্বপ্নের বিশ্বকাপ শিরোপার মূল কাণ্ডারি হবেন।’
ন্যান্সির ছোটভাই সানি আবার ব্রাজিলের সমর্থক। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আর্জেন্টিনার বেশিরভাগ খেলাই অনেক মজা করে দেখি। যখন আমরা (আর্জেন্টিনা) গোল খাই, তখন আমার ছোটভাই হৈ হৈ করে চিৎকার দিয়ে ওঠে। আবার প্রতিপক্ষকে আর্জেন্টিনা গোল দিলে ও চুপ হয়ে যায়। আমরা উল্লাসে মেতে উঠি।’
আত্মবিশ্বাসের সঙ্গে ন্যান্সি বলেন, ‘ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়েছেন। এবার মেসির হাত ধরে আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলবে।’
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





