সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক লোকসংগীত। এটি একটি জীবন দর্শন। এই সংগীতের অপূর্ব সুর এবং কথায় আত্মা হয় পরিশুদ্ধ। হৃদয়ের গহীন স্পর্শ করা লোকসংগীত শুধুমাত্র বাংলার মানুষের জীবনধারা নয় বরং বিভিন্ন ধর্মের প্রার্থনায়, বিভিন্ন মানুষের বৈচিত্র্যময় জীবনযাপনে জড়িয়ে আছে দারুণভাবে।ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি আর বাউল গানের সুরে দেহ-মনে আসে পরম তৃপ্তি। হাজার বছর ধরে বাংলার শেকড়ে ছড়িয়ে থাকা গানগুলো আলোড়িত করে যাচ্ছে শ্রোতাদের প্রাণ।
দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে এর মুগ্ধতার ছোঁয়া। মানবতাবাদ এবং সহজ জীবন দর্শনের কারণে দেশজ লোকসংগীত নিয়ে আগ্রহী হয়ে উঠছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপানসহ নানান দেশের শ্রোতারা।গবেষণা হচ্ছে লোকসংগীত এবং এর শিল্পীদের নিয়ে। লোকসংগীতের প্রবল শক্তি আমাদের পরিচিত করে তুলছে বহির্বিশ্বে। ইউনেস্কো ২০০৫ সালে বাউল গানকে ইনট্যানজিবল হেরিটেজের অন্তর্ভুক্ত করেছে।
নতুন প্রজন্মের অনেকের মধ্যেই লোকসংগীতের ব্যাপারে আগ্রহের অভাব দেখা যায়। সঠিক পরিকল্পনা, চর্চা এবং পৃষ্ঠপোষকতার অভাবেই এ অনাগ্রহ তৈরি হচ্ছে।গত কয়েক বছরে বাংলাদেশে বেশ কিছু তরুণ-প্রবীণ শিল্পী উদ্যোগ নিয়েছেন নতুনভাবে বাংলাদেশের লোকসংগীত জনপ্রিয় করার জন্য। এতেই প্রমাণ হয় যে এটাই আমাদের প্রাণের গান, মনের গান এবং অন্তরের গান। লোকসংগীতই হবে বাংলাদেশকে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার নতুন উপলক্ষ।
এই বাস্তবতা ও অনুপ্রেরণা থেকেই প্রথমবারের পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো পর্দা উঠতে যাচ্ছে সান ইভেন্টস আয়োজিত তিন দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টিভাল ২০১৬’-এর। গেল বছর প্রথমবারের আসরে ৬টি দেশের প্রায় শতাধিক শিল্পী ও ব্যান্ড পারফর্ম করেছিল। আর এবার ৭টির বেশি দেশ থেকে ১২৫ জনেরও বেশি শিল্পী এই উৎসবে অংশ নেবেন। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শক উপভোগ করবেন বাংলাদেশসহ বিশ্বের সেরা লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় শেকড় সন্ধানী গানগুলো।
এবার উৎসব মাতাতে মঞ্চে উঠবেন দেশ থেকে মমতাজ, ইসলাম উদ্দিন কিস্সাকার, বারী সিদ্দিকী, বাউল আবদুর রহমান, শফি মণ্ডল, সুনীল কর্মকার, টুন টুন বাউল, পালাকার লতিফ সরকার, ফরিদা ইয়াসমিন, বাঁশিবাদক জালাল এবং তাপসসহ আরো অনেকে।
অন্যদিকে দেশের বাইরের শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন ভারতীয় ফোক, পপ-রক তারকা কৈলাস খের, নুরান সিস্টার্স, জাভেদ বশির, পবন দাস বাউল, কারেন লুগো অ্যান্ড রিকার্ডো মোরো, সুশীলা রহমান অ্যান্ড স্যাম মিলস, ইন্ডিয়ান ওশেন, প্রসাদ, রাজু দাস বাউলসহ আরো অনেকে।গতবারের আসরের মতো এবারো দর্শক বিনামূল্যে শুধু অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটির টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে রয়েছে মাছরাঙা টেলিভিশন।
এনএম....





