বাংলাদেশের আলোচিত অভিনেতা 'হিরো আলম'। গত কয়েক মাস ধরে ফেসবুক, ইউটিউব, টুইটারে তার মিউজিক ভিডিও ও নাটক তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

আসল নাম আশরাফুল আলম৷ তবে একসময় আচার বিক্রি করতেন বলে নাম হয়েছিল 'আচার আলম'৷ এরপর যখন সিডির ব্যবসা শুরু করেন তখন হয়ে যান 'সিডি আলম'৷ তারপর একসময় 'ডিশ আলম' হয়ে এখন তিনি 'হিরো আলম' নামে পরিচিতি পেয়েছেন৷

অনেকে হিরো আলমের ভিডিও দেখে ফেসবুকে বাঁকা মন্তব্য করলেও দিনদিন তার পরিচিতি বাড়ছে। সংবাদপত্রে তাকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে, নেয়া হয়েছে তার সাক্ষাৎকারও৷ বাদ যায়নি টিভি চ্যানেলও৷ আর পরিচিতির কারণে অনেক নির্মাতা তাকে গান ও বিজ্ঞাপনে মডেলিংয়ের অফার দিয়েছেন৷

এরই মধ্যে হিরো আলমকে নিয়ে একটি শর্ট ফিল্মও নির্মিত হয়েছে। 'হিরো আলম দ্য গ্যাংস্টার' নামে শর্ট ফিল্মটি নির্মাণ করেছেন প্রয়াত সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ুন। শর্ট ফিল্মটির ধারাবর্ণনা তিনি নিজেই দিয়েছেন৷

পাঁচ মিনিটের এই শর্ট ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান 'লিটল বিগ ফিল্মস'৷ তাদের ফেসবুক পাতায় গত ৫ সেপ্টেম্বর ফিল্মটি শেয়ার করা হয়৷ এরপর শর্ট ফিল্মটি এখন পর্যন্ত দুই লক্ষ ৩৮ হাজারের বেশিবার দেখা হয়েছে৷

এসএ