আগামী ১৮ নভেম্বর চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড-২০১৭’ এর ৬৭তম আসর। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১২০টি দেশ থেকে সুন্দরীরা অংশগ্রহণ করছেন। এবার সেখানে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে অংশ নিয়েছেন মিস বাংলাদেশ-২০১৭ বিজয়ী জেসিয়া ইসলাম। সম্প্রতি চীনের এক হোটেলে মিস ওয়ার্ল্ড ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন জেসিয়া।

‘হেড টু হেড চ্যালেঞ্জ’-এ প্রাপ্ত ফল থেকে খুঁজে নেওয়া হবে শীর্ষ ৪০ প্রতিযোগীকে। ১২০ দেশের প্রতিযোগীকে মোট ২০টি দলে ভাগ করা হয়েছে। জেসিয়া আছেন গ্রুপ সিক্সে। এখানে তার প্রতিদ্বন্দ্বী ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বটসওয়ানার সুন্দরীরা।

এই বিভাগের ফল থেকেই চূড়ান্ত হবে শীর্ষ ৪০ প্রতিযোগী। তাদের বলা হবে ‘ফাইনাল ফোর্টি’।

এই প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড আয়োজক কমিটির নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি ‘দ্য গ্রেট প্যাজেন্ট কমিউনিটি ডট কম’ নামক একটি অনলাইন সংস্থা গণভোটের আয়োজন করেছে। সেখানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ অংশ নিয়ে নিজের পছন্দের সুন্দরীকে ভোট দিতে পারবেন। এই গণভোটে অংশগ্রহণ করতে পারবেন যে কেউ, ভোট দেওয়া যাবে যতো খুশি ততো।

এই অনলাইন সংস্থাটি হলো- https://thegreatpageantcommunity.com/2017/10/04/vote-miss-world-2017-win/ এরই মধ্যে অনলাইন ভোটে বাংলাদেশ চলে এসেছে প্রথম অবস্থানে। আর সে বিবেচনায় দর্শকদের ভোটে এগিয়ে আছেন জেসিয়া।