ভারতীয় ছবির বাজার বাংলাদেশে তৈরির ষড়যন্ত্রে লিপ্ত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাই তার ওপর অনাস্থা প্রকাশ করে পদত্যাগ দাবি করেছে চলচ্চিত্র পরিবার।
এই পরিবারের অন্তর্ভুক্ত চলচ্চিত্র পরিচালক, শিল্পী, সহকারী পরিচালক, নৃত্য শিল্পী সমিতি চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এই ঘোষণা দেন চলচ্চিত্র ঐক্যজোটের আহ্বায়ক মুশফিকুর রহমান গুলজার।
উপস্থিত ছিলেন চলচ্চিত্রের নন্দিত অভিনয় শিল্পী আলমগীর, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, নৃত্যশিল্পী সমিতির সভাপতি মাসুম বাবুল, ফারুক, রোজিনা, অঞ্জনা, আলীরাজ, রিয়াজসহ ১৮টি সংগঠনের নেতাকর্মীরা।
আন্দোলনের আহ্বায়ক ও পরিচালক সমিতির সভাপতি বিজ্ঞপ্তি পড়ে শোনান। সেখানে বলা হয়, `যে চলচ্চিত্র বঙ্গবন্ধু নিজের হাতে গড়ে তুলেছেন সেই চলচ্চিত্র নিয়ে মসকরা করছেন তথ্যমন্ত্রী। আমরা ভেবেছিলাম তিনি চলচ্চিত্র বাঁচানোর সহায়ক হবেন। কিন্তু তিনি আসলে চলচ্চিত্র ধ্বংসের সহায়ক। বারবার তিনি ভারতীয় ছবির বাজার এই দেশে তৈরির ষড়যন্ত্রে জড়িত হয়েছেন।`
আরও বলা হয়, `১৯৫৬ সালে পাকিস্তানিরা বলেছিল, এই দেশে চলচ্চিত্রের মেধা নেই, পরিবেশ নেই। এই কথা শুনে বঙ্গবন্ধু একদিনের নোটিশে ১৯৫৭ সালে এফডিসি প্রতিষ্ঠা করে। আর আজ ২০১৭ সালে এসে ভারতের হয়ে আজেবাজে কথা বলা হচ্ছে। আমরা নাকি ভালো ছবি বানাতে পারি না। আমাদের ছবি চলে না।
এইসব ফালতু কথা কেনো বলা হচ্ছে। হল পলিটিক্সের মাধ্যমে আমাদের প্রযোজক নষ্ট করা হয়েছে। সেই পলিটিক্সের সঙ্গে জড়িত তথ্যমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি আমাদের বাঁচান’।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই তথ্যমন্ত্রীর অধীনে আর কোনো অনুষ্ঠান, সম্মেলনে যাবে না চলচ্চিত্র পরিবার। তার কোনো আদেশ নিষেধ মানা হবে না। তাকে এবং তার সব দোসরকে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অবাঞ্চিত ঘোষণা করেছে ১৮টি সংগঠন।
জেড





