ভারতীয় অভিনেত্রী সানি লিওন ঠেকাতে প্রয়োজনে বিমানবন্দর ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন মুফতি আমিনের পুত্র এবং খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।
রোববার বিকেলে দলের দলটির প্রচার সম্পাদক মাওলানা আহলুল্লাহ ওয়াছেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তিনি।
আবুল হাসানাত আমিনী বলেন, নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশ আজ ভিনদেশী অপসংস্কৃতির কবলে পড়ে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনিত। প্রতিমাসেই কোনো না কোনো ভারতীয় শিল্পী এনে বেহায়াপনার আয়োজন করে একশ্রেণীর কপট মানুষ এদেশের ঈমানি পরিবেশকে বিষাক্ত করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় এখন সানি লিওন নামের উলঙ্গ নর্তকী এনে মসজিদের নগরী ঢাকাকে উলঙ্গ নগরী বানানোর বন্দোবস্ত করেছে।
সরকারের উদ্দেশ্যে হাসানাত আমিনী বলেন, সরকার যদি মুসলমানদের ঈমান ও চরিত্র বিধ্বংসী সানি লিওনের প্রবেশ ঠেকাতে গরিমসি করে, তাহলে সারা দেশের মুফতী আমিনীর (রহ.) সৈনিকেরা সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে। প্রয়োজনে বিমানবন্দর ঘেরাও হবে, ঢাকা অবরোধ করা হবে।
তিনি বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে যে দল এই নগ্নতার প্রতিবাদ করবে না, তাদের ক্ষমতা থাকার অধিকারও নেই, ক্ষমতায় আসারও অধিকার নেই।
এসএইচ





