বাংলা ছবির কালজয়ী জুটি রাজ্জাক কবরীকে নিয়ে কাজী জহির নির্মাণ করেছিলেন সাড়া জাগানো চলচ্চিত্র ‘ময়নামতি’। সে ছবিটির প্রযোজনা সংস্থা চিত্রা ফিল্মস থেকে ছবিটি রিমেক করা হয়েছে ‘অনেক সাধের ময়না’ নামে। ছবিটি শুক্রবার সারা দেশে ৭৫টি হলে মুক্তি পেয়েছে।

জাকির হোসেন রাজুর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন হালের ক্রেজ মাহিয়া মাহি ও বাপ্পি। এছাড়া এই ছবিতে প্রথমবারের মত নায়কের চরিত্রে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে।

১৯৬৯ সালে নির্মিত হয়েছিল ময়নামতি। এখন সময়, কাল, পরিবেশ, প্রযুক্তি সবই পরিবর্তন ঘটেছে। তাই রিমেকে কাহিনীর বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। জানালেন জাকির হোসেন রাজু।

মাহি বলেন, ছবিটির শুটিং শীতের মাঝে টানা একমাস ভোলার চরাঞ্চলে করেছিলাম। তখন ঐখানকার মানুষের সাথে এক ধরনের আত্মার সম্পর্ক হয়ে গিয়েছিল। আমি কোনদিন ঐসকল মানুষের কথা ভুলব না।

ছবিটি আমার ক্যারিয়ারের অনেক বড় একটি মাইলফলক হয়ে থাকবে, খুব আত্মবিশ্বাসের সাথেই বললেন মাহি।

বাপ্পিও তাই মনে করেন। বললেন, ছবিতে নায়করাজ রাজ্জাকের করা চরিত্রে অভিনয় করেছি। জাকির হোসেন রাজুর মত গুণী পরিচালকের সাথে প্রথমবারের কাজ করেছি। তিনি আমাকে এই ছবিতে নতুন করে গড়েছেন।

ছবিতে মাহি অভিনীত চরিত্রের নাম ময়না এবং বাপ্পির চরিত্রের নাম মতি। ছবির সংগীত করেছেন ইমন সাহা ও শফিক তুহিন।

জেআই