একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস-মৌসুমী। মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন আছে আরো কিছু ছবি। নতুন খবর হলো, বাংলাদেশ শিল্পী সমিতির নতুন কমিটিতে মৌসুমীর স্থলাভিষিক্ত হচ্ছেন ফেরদৌস।
মাস দুয়েক আগে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন মৌসুমী। পরবর্তীতে একাধিক বিতর্কের সূত্র ধরে শপথ নেননি এ নায়িকা। সরে দাঁড়ান কমিটি থেকে। তার বদলে স্থান পাচ্ছেন ফেরদৌস।
সমিতি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শনিবার বিকেল ৩টায় এফডিসিতে সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করবেন ফেরদৌস। তবে এ বিষয়ে ‘হঠাৎ বৃষ্টি’ নায়কের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নির্বাচনের আগে শোনা যায়, ওমর সানীর প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন ফেরদৌস। পরে তিনি ব্যক্তিগত কারণে দেখিয়ে সরে দাঁড়ান। তার স্থলাভিষিক্ত হন অমিত হাসান।
৫ মে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয় মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। এরপর ওমর সানীর আবেদনে ভোট পুনর্গণনা করা হয়। এতে ওমর সানীর ভোট বাড়ে ৯টি। সুশান্তের ভোট কমে যাওয়ায় কার্যনির্বাহী পরিষদের সদস্য হন নানা শাহ। এছাড়া শাকিব খানের ওপর হামলার কারণে বিতর্কে পড়ে নির্বাচন। এ নিয়ে মামলাও হয়।





