বাংলাদেশ টেলিভিশনে সাধারণত অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায় না বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব আফজাল হোসেনকে। কিন্তু ১৪২৩ বাংলা বছরের প্রথম দিনে বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা যাবে তাকে। চ্যানেলটির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদের সার্বিক তত্ত্বাবধানে এবং মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘বাকবাকুম পায়রা’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন আফজাল হোসেন।
সোমবার অনুষ্ঠানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এতে এক সাথে একই গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে সহযোগিতা করেছে জলের গান।
আফজাল হোসেন বলেন, ‘বিটিভি কর্তৃপক্ষ এবং আমি চেষ্টা করেছি নতুন বাংলা বছরে দর্শককে একটি ভালো গানের অনুষ্ঠান উপহার দিতে। আশা করি ভালো লাগবে দর্শকের।’
সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী ‘লীলাবালী লীলাবালী ভরা যৈবতী সইগো কী দিয়ে সাজাইমু তরে’ গানটি গেয়েছেন। সামিনা চৌধুরী বলেন, ‘বাকবাকুম পায়রা’ অনুষ্ঠানটিতে একটু নতুনত্ব আছে। আমরা দুই বোন চেষ্টা করেছি শ্রোতা দর্শককে নতুন কিছু উপহার দিতে। আশা করি ভালো লাগবে সবার।’
ফাহমিদা নবী বলেন, ‘আফজাল ভাইয়ের উপস্থাপনায় একই অনুষ্ঠানে গান গাইতে পেরে সত্যিই ভীষণ ভালো লেগেছে। অনুষ্ঠানটিতে দর্শক ভিন্নতা খুঁজে পাবেন।’
বিটিভি সূত্রে জানা যায়, পয়লা বৈশাখের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর অনুষ্ঠানটি প্রচার হবে।
এ দিকে আফজাল হোসেন জানান, আসছে ঈদ উপলক্ষে তিনি আরিফ খানের নির্দেশনায় একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন শিগগিরই। সামিনা চৌধুরী তার নিজের গাওয়া ‘বৈশাখ দেয় হাঁক’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ নিয়ে ব্যস্ত ছিলেন আজ সারা দিন। মিউজিক ভিডিওটি সামিনা চৌধুরী নিজেই নির্মাণ করেছেন। অন্য দিকে ফাহমিদা নবীর উপস্থাপনায় গত শুক্রবার থেকে বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে আড্ডাবিষয়ক অনুষ্ঠান ‘সুরের আয়না’। পয়লা বৈশাখের দিন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী এক সাথে সময় কাটাবেন।
আফজাল হোসেন, সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী সবাইকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
এমই





