নায়ক ফারুকের গ্রামের বাড়িতে চলছে জানাজার প্রস্তুতি। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে তার সর্বশেষ নামাজে জানাজা।
আজ মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার ফ্লাইটে তার লাশ দেশে আনা হয়েছে। ইতোমধ্যে উত্তরায় তার নিজ বাসায় রাখা হয়েছে বরেণ্য এই নায়কের লাশ।
জানা গেছে, বাসায় কিছু সময় রাখার পর বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রথমে লাশ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে এফডিসিতে নেওয়া হবে নায়কের লাশ।
সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণীজনরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন ও সেখানে দ্বিতীয় তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এ দিন সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়ি সর্বশেষ (চতুর্থ) নামাজে জানাজা সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
নামাজে জানাজা শেষে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগার হোসেন পাঠানের পাশে দাফন করা হবে ফারুককে। ইতোমধ্যে অভিনেতার গ্রামের বাড়িতে তার শেষ জানাজা এবং দাফনের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এবিএস





