দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার জনপ্রিয় নায়িকা পাখিকে।

এ দেশে তাকে 'পাখি' নামেই চেনেন সবাই। আসল নাম মধুমিতা চক্রবর্তী। জনপ্রিয় সিরিয়াল বোঝে না সে বোঝে না দিয়ে তার 'পাখি' পরিচিতি।

এ মাসের শুরুতে ভারতের মানালিতে মেঘবালিকা টেলিছবির শুটিং করেছেন দুই দেশের এই দুই তারকা। এটি নির্মাণ করছেন পরিচালক পারভেজ আমিন। রচনা করেছেন মহিউদ্দীন আহমেদ।

মধুমিতা বলেন, ‘খুবই ভালো লেগেছে। মোশাররফ করিমের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি তাঁর সঙ্গে আরও কাজ করতে চাই।’

এর আগে মধুমিতা এ দেশের বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। তবে টেলিছবি এটাই প্রথম।

পরিচালক পারভেজ আমিন টেলিছবিটির গল্প প্রসঙ্গে বলেন, ‘বাড়ি থেকে পালিয়ে এসে প্রেমিককে না পেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় মেয়েটি। বিপদগ্রস্ত মেয়েটিকে সাহায্য করতে গিয়েই হিরো বনে যায় মোশাররফ করিম। এই নিয়ে এগিয়ে চলে টেলিছবির গল্প।’ এতে আরও অভিনয় করছেন রাশেদ শাওন ও রাশা।

ঈদুল আজহার অনুষ্ঠানমালায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে টেলিছবি মেঘবালিকা।

এফএফ