ঈদ-উল ফিতর উপলক্ষে অভিনেত্রী মোনালিসা এরই মধ্যে দুটি ঈদ ধারাবাহিক এবং দুটি খন্ড নাটকের কাজ শেষ করেছেন।
এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে তিনি আরো তিনটি নাটকের কাজ শেষ করবেন। এরমধ্যে একটি ঈদ ধারাবাহিক এবং দুটি একক নাটক।
এরই মধ্যে মোনালিসা রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে শুরু করেছেন মেহরাব জাহিদের রচনা ও সুমনের নির্দেশনায় একক নাটক ‘আন্তর্জাতিক মামা’র কাজ। এতে তার সহশিল্পী সাজু খাদেম।
এছাড়া এস এ হক অলিকের নির্দেশনায় ঈদ ধারাবাহিক নাটকের কাজে শিগগিরই কক্সবাজারে যাবেন তিনি।
‘ভালোবাসা ভালোবাসি’ নামক ছয় পর্বের এই ঈদ ধারাবাহিকে নতুনরূপে দেখা যাবে মোনালিসাকে এমনটাই জানালেন পরিচালক এস এ হক অলিক।
এদিকে নুজহাত আলভী আহমেদের নির্দেশনাতেও মোনালিসা সজলের বিপরীতে একটি একক নাটকে অভিনয় করবেন। সবমিলিয়ে ঈদের আগ পর্যন্ত এ অভিনেত্রীকে শুটিং নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করতে হবে।
মোনালিসা বলেন, রোজা শুরু হওয়ার পর থেকে রোজা রেখে শুটিং করতে একটু কষ্টই হচ্ছে। কাজ যে করবো না এমনটিও করা যাচ্ছেন না। কারণ যা করছি সবইতো ঈদের কাজ। তাই কষ্ট হলেও সব ক’টি প্রতিশ্রুতি দেয়া কাজই করতে হচ্ছে। শুধু যে আমি একাই কষ্ট করছি তা নয় প্রত্যেক ইউনিটের সবাই কষ্ট করছি। এই কষ্ট দর্শকের ভালোলাগার জন্যই করা। দর্শকের কারণেই আমি, আমরা। তাই কষ্ট শেষে যখন দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাই তখন খুব আনন্দ হয়, ভালোলাগে।
এদিকে মোনালিসা সাজিন আহমেদ, সাগর জাহানের নির্দেশনায় দুটি ঈদ ধারাবাহিক এবং আবু রায়হান, অনন্য ইমনের নির্দেশনায় দুটি একক নাটকের কাজ শেষ করেছেন। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন মোশাররফ করিম, সজল ও ইরফান সাজ্জাদ। অন্যদিকে সৈয়দ রাসেলের নির্দেশনায় মোনালিসার নতুন বিজ্ঞাপন ‘যমুনা ফ্যান’ বর্তমানে নিয়মিতভাবে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে।
এমই





