অভিনয় জীবনের সেরা সময়টাই যেন এখন পার করছেন কঙ্গনা রাণাওয়াত। এ বছরের সেরা অভিনেত্রী হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার। ঘরের মেয়ের এমন কৃতিত্বে তার নিজের রাজ্যও সম্মানিত। সে কারণেই কুইন কঙ্গনাকে সম্মান জানাল হিমাচল প্রদেশ সরকার।
ভারতের হিমাচল প্রদেশের মেয়ে কঙ্গনা। ছোট্ট এই রাজ্যের সীমা পেরিয়ে একদিন পালিয়ে গিয়েছিলেন তিনি। গন্তব্য ছিল বলিউড। কিন্তু বলিউডে স্থান পেতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। ভালো অভিনয় সত্ত্বেও ‘একঘেয়ে’ তকমা লেগে গিয়েছিল তার সঙ্গে।
কিন্তু কুইন সিনেমার মাধ্যমে পান নতুন পরিচয়। সিনেমার বিষয় আর কঙ্গনার অভিনয় মিলেমিশে নতুন এক মাত্রা পেয়েছিল। এ সিনেমায় তার অভিনয় মুগ্ধ হয়ে দেখেছে দর্শকরা। বলিউড অভিনেত্রী রেখা থেকে শুরু করে বর্তমান সময়ের অনেক অভিনয় শিল্পীই খোলামনে প্রশংসা করেছেন কঙ্গনার। তাই ঘরের মেয়েকে সম্মান জানানোটা নিজেদের কর্তব্য হিসেবেই নিয়েছিলেন হিমাচল প্রদেশ সরকার।
১৫ এপ্রিল ছিল হিমাচল প্রদেশ রাজ্যের নিজস্ব দিন। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সেদিন কঙ্গনাকে সম্মান জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন হিমাচল প্রদেশের মূখ্যমন্ত্রী বীরভদ্র সিং। যদিও তানু ওয়েডস মানু সিনেমার প্রচারে ব্যস্ত থাকায় আমন্ত্রনে সাড়া দিতে পারেননি এ অভিনেত্রী। তার হয়ে সে সম্মান গ্রহণ করেছেন তার বাবা-মা।
আগামী ২২ মে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত তানু ওয়েডস মানু টু সিনেমাটি। সিনেমাটিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। সিনেমাটিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করছেন আর মাধবন।
ইআর





