সৈকত নাসির তার প্রথম ছবি ‘দেশা-দ্য লিডার’ এর সফলতার পর নির্মাণ করতে যাচ্ছেন তার দ্বিতীয় ছবি ‘পুলিশগিরি’। এই ছবিতে তার আগের ছবির জুটি শিপন-মাহি থাকার কথা শুনা যাচ্ছে। কিন্তু পরিচালক জানালেন ভিন্ন কথা।

তিনি বললেন, ‘শিপনকে নিয়ে আমি এখনও একটু দ্বিধা-দ্বন্দ্বে আছি। হয়ত শেষ পর্যন্ত ওকে নিয়ে কাজটা করা হবে না।’ তবে শিপন না হলে কে থাকছেন তা জানান নি তিনি। আগামী ২০ মে থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে বলে জানালেন।

গল্প নিয়ে সৈকত বললেন, ‘ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিটিতে তার আগের ছবির প্যাটার্ন থেকে বের হয়ে একটু বেশি ‘বাণিজ্যিকধারা’র গল্প দেখতে পারবে দর্শক। পুলিশের নানা বীরত্বগাঁথা তুলে ধরা হবে ছবিটিতে। ছবিটি নির্মাণে সহায়তা করবে বাংলাদেশ পুলিশ।’

এ ছবিতে বেশ কিছু নতুন স্ট্যান্টম্যানকে দেখা যাবে, যারা কি-না কোন প্রকার দড়ির সহায়তা ছাড়া এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং লাফানোর দৃশ্যসহ নানা ঝুঁকিপূর্ণ দৃশ্যে অংশে নিবে।

সৈকত নাসির বললেন, ‘এরা সবাই ফাইটে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। আগে আমাদের এখানে এ ধরণের দৃশ্য কেউ যদি করতে চাইতো তাহলে বিদেশ থেকে স্ট্যান্টম্যান আনতে হত। কিন্তু এ ছবির পরে মনে হয় না আর আমাদের বিদেশমুখী হতে হবে।’

ছবি গল্প লিখেছেন ফারুক হোসেন। প্রযোজনায় থাকছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া এবং ভারত থেকে এসকে মুভিজ।

জেআই