দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে ওপার বাংলার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিথিলা।
সম্প্রতি ‘মেঘলা’ নামের নতুন একটি ছবির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ছবির নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। এটি নির্মাণ করছেন অর্ণব মিদ্যা। ইতোমধ্যে ছবির একটি পোস্টারও প্রকাশিত হয়েছে।
এতে লড়াকু এক নারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর এমন চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে অনেক গর্বিত বলে জানিয়েছেন মিথিলা।
এ প্রসঙ্গে অভিনেত্রী মিথিলা বলেন, যখন একজন নারীর মাঝে প্রতিবন্ধকতা দূর করার সেই শক্তি জেগে ওঠে, তখন সব নেতিবাচক অপশক্তি তার হার মানে। আর এমনই এক লড়াকু নারীর নাম মেঘলা। একজন সাধারণ এক মেয়ে কীভাবে অসাধারণ হয়ে ওঠে, মেঘলা তার জলন্ত উদাহরণ। সেই গল্পই পর্দায় ফুটিয়ে তোলা হবে। আর এমন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি গর্বিত।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে বিভিন্ন দেশের নানা জনগোষ্ঠীর নারীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে আমার। তাদের নানা নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাদের এই নিজেকে ভেঙে দাঁড় করানো ও অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত।
এবিএস





