ঢাকার শিল্পকলা একাডেমিতে শুরু হল দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক থিয়েটার উৎসব। নয়দিনব্যাপী এ উৎসবে মোট ২৮টি দেশি ও বিদেশি নাটক প্রদর্শিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।
এবারের নাট্যোৎসবে ২৩টি দেশি ও ৫টি বিদেশি নাটক মঞ্চায়নের কথা রয়েছে। এছাড়া ‘সহিংসতার বিরুদ্ধে নাটক’ এবং ‘নাটক: শিল্পের প্রত্যুত্থান’ শিরোনামে নাট্যবিষয়ক দুটি সংলাপ এবং প্রতিদিন নাটক মঞ্চায়নের পর 'মিট দ্য ডিরেক্টর' অনুষ্ঠানের আয়োজন থাকছে। উৎসবের নাটকগুলো প্রদর্শিত হবে জাতীয় নাট্যশালার মূল হল, পরীক্ষণ থিয়েটার হল এবং স্টুডিও থিয়েটার হলে।
উৎসবের উদ্বোধনী নাটক আরণ্যক নাট্যদলের ‘ভঙ্গবঙ্গ’। নাটকটি শুক্রবার জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। একই দিনে মঞ্চস্থ হবে আগন্তুক রেপার্টরীর ‘অন্ধকারে মিথেন’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ‘কবি’।
শনিবার মঞ্চস্থ হবে বটতলার নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’ এবং থিয়েট্রেক্স প্রযোজনা ‘দক্ষিণাসুন্দরী’। এছাড়াও এ উৎসবে থাকছে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘নামগোত্রহীন - মান্টোর মেয়েরা’, সেন্টার ফর এশিয়ান থিয়েটারের ‘ম্যাকাব্রে’, প্রাচ্যনাট প্রযোজনা ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’, মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘প্রমিথিউস’।
এবারের উৎসবে চীনের দুটি অপেরা দল অংশ নিচ্ছে। মঙ্গলবার প্রদর্শিত হবে চীনের ইয়াংফু প্রমোশন অ্যান্ড সেন্টার প্রযোজনা ‘গ্যামলার ওয়াং প্রিপেয়ার্স দ্য নিউ ইয়ার' এবং 'রোমান্স ইন বিটিং দ্য বার্ডস’, বৃহস্পতিবার থাকছে চীনের গুয়ানঝু গাওজিয়া অপেরার প্রযোজনা ‘থ্রি গ্রেড সুপার প্রমোশন’।
এবারের উৎসবে ভারতের কলাক্ষেত্র মনিপুর মঞ্চস্থ করবে ‘দ্রৌপদী’ নাটকটি। ইংল্যান্ডের থিয়েটার ফোকস উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ করবে ‘যমুনা’ নাটকটি।
এএইচ





