‘বাঘিনী’ শিরোনামে নতুন চলচ্চিত্র শুরু করতে যাচ্ছেন ফাইট ডিরেক্টর যুগান্তর চাকমা, তিনি চায়নিজ নামেই অধিক পরিচিত। ‘বাঘিনী’ শিরোনামে ওই ছবি নিবন্ধিত হয়েছে গত রোববার। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন একজন নারী।

তাঁকে দেখা যাবে অ্যাকশন দৃশ্যে। এরই মধ্যে নায়িকা চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জেবা চৌধুরী জয়া। এফডিসিতে নিয়মিত অনুশীলন করছেন তিনি। পরিচালক যুগান্তর জানান, ডিসেম্বরে ছবির শুটিং শুরু হবে।

‘আমি পরিচালক সমিতিতে ছবির নাম নিবন্ধন করেছি, এখন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি, আগামী ডিসেম্বর মাসে ছবির শুটিং শুরু করতে পারব। ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন জেবা চৌধুরী। আর ছবিতে নতুন নায়ক নিয়ে কাজটি শুরু করব।’

পরিচালক আরো বলেন, ‘চলচ্চিত্রে যাঁরা কাজ করছেন, এমন নায়ক নিয়ে কাজটি করতে চেয়েছিলাম। কিন্তু আমার ছবিতে যে ধরনের মার্শাল আর্ট থাকবে, তা আমাদের চলচ্চিত্রের হিরোরা করতে পারবেন না। আমি যাকে নিচ্ছি, সেই ছেলেটি ব্ল্যাকবেল্টপ্রাপ্ত। ছেলেটির নাম সামলী।’

এমন ছবি দেশের বাইরে হলেও বাংলাদেশে একেবারেই নতুন বলে জানান যুগান্তর। তিনি বলেন, ‘নারীপ্রধান একটি সামাজিক গল্পের মধ্য দিয়ে আমি মার্শাল আর্ট ছবিটি নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছি।’

যুগান্তর আরো বলেন, ‘আসলে একটা সময় আমাদের দেশে বিভিন্ন ধরনের ছবি নির্মাণ হতো, দর্শকও তাঁর পছন্দের ছবিটি বেছে নিতেন। অনেকেই দেখা যায়, মার্শাল আর্ট পছন্দ করেন। আবার অনেকেই ফোক গল্প পছন্দ করেন, আবার দেখা যায়, অনেকে অ্যাকশন ছবি দেখতে চান। কিন্তু এখন যে ছবি হচ্ছে, তা তামিল ছবির নকল। সব ছবির গল্পও কাছাকাছি, যে কারণে দর্শক নতুন কিছু পাচ্ছে না।’

যুগান্তরের ‘বাঘিনী’ ছবিটি প্রযোজনা ক হচ্ছে পরিচালকেরই নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান মেসার্স যুগান্তর চলচ্চিত্র থেকে। এর আগে ‘চায়না মামা’ শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যুগান্তর। তিনি জানান, ‘চায়না মামা’ মুক্তি পাবে আগামী বছরের শুরুতে।

এএস