মনিরুল ইসলাম সোহেল পরিচালিত প্রথম ছবি ‘স্বপ্ন যে তুই’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২১ শে নভেম্বর। ছবিটিতে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল ও চিত্রনায়ক ইমন। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ইমন ও আঁচল ।

ভুল ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও ঠিক পথেই হাঁটছেন আঁচল। ঈদে মুক্তিপ্রাপ্ত কিস্তিমাত ছবিটিতে আঁচলের অভিনয় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এইদিকে ইমনের জনপ্রিয়তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন করে বেশ কিছু ছবিতে কাজ করছেন তিনি।

ছবিটি সম্পর্কে মনিরুল ইসলাম সোহেল  বলেন, ‘আমার প্রথম ছবি খুব যত্ন ও সময় নিয়ে নির্মাণ করেছি। ছবির গল্পে দর্শক সম্পূর্ণ ভিন্ন কিছু দেখতে পাবে। আঁচল ও ইমন খুব ভালো অভিনয় করছে।

তিনি আরো বলেন, এছাড়া ‘স্বপ্ন যে তুই’র গানগুলো বর্তমান দর্শকদের চাহিদা অনুযায়ী নির্মাণ করার চেষ্টা করেছি। একটি গান ইতিমধ্যে অনলাইনে প্রকাশ করেছি আশা করছি বাকি গান গুলো কয়েকদিনের মধ্যে অনলাইনে প্রকাশ করবো’।

‘স্বপ্ন যে তুই’ ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ পরিচালক নিজেই করছেন। চলচ্চিত্রটিতে দেখা যাবে, এক সহজ-সরল ছেলের গ্রাম থেকে শহরে আসে। সমাজের নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে এগিয়ে যায় তার জীবন। এরই মধ্যে আসে বন্ধুত্ব, প্রেম। অতঃপর সংঘাত। বন্ধু ও বন্ধুত্ব রক্ষায় ছাড় দেওয়ারই গল্প ‘স্বপ্ন যে তুই’।

ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয়ে করেছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, আদনান, প্রিয়া, এশা, আফরিসহ আরো অনেকে।

সোহরাব হোসেনের প্রযোজনায় চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, আবিদ রনি, শিহাব রিপন ও মুম্বাইয়ের আকাশ। গান লিখেছেন জাহিদ আকবর, প্রদীপ সাহা, ইসরাফিল বাবলু ও শিহাব রিপন। কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, রাজিব, পারভেজ এবং ভারতের জুবিন ও আকাশ।

জেআই