জনগণের সঙ্গে প্রতারণা ও অসদাচরণের দায়ে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক সফিউল আজমের চিকিত্সা সনদ বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এর ফলে তিনি রোগী দেখার চর্চারও অধিকার হারালেন।

বৃহস্পতিবার বিএমডিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের সঙ্গে প্রতারণা ও অসদাচরণের দায়ে সফিউল আজমকে (বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর: এ-২১৯৩৩) অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নম্বর আইন)-এর ধারা ২৯ এবং বিএমডিসির নীতিমালার ধারা ৬ অনুযায়ী সফিউল আজমের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করা হলো।

এর মধ্য দিয়ে দেশে দ্বিতীয় কোনো চিকিত্সকের সনদ বাতিল হলো। এর আগে আশির দশকে অরুণ জ্যোতি চাকমা নামের এক চিকিত্সকের সনদ বাতিল হয়েছিল।

গত ১৩ মে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল সংবাদ সংগ্রহ করার জন্য শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিত্সক সফিউল আজম তার ওপর হামলা চালান। পরে বিএমডিসি একটি তদন্ত কমিটি করে ঘটনার তদন্ত শুরু করে।

বিএমডিসি সূত্র জানায়, তদন্ত কমিটি হামলাকারী চিকিত্সকের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের প্রমাণ পেয়েছেন। তদন্ত কমিটির অনুসন্ধানে সফিউল আজমের সরকারি চাকরি ছেড়ে না দিয়ে বেসরকারি হাসপাতালে পূর্ণকালীন চাকরিতে যোগদানের প্রমাণ মিলেছে। তিনি কখনো সহকারী অধ্যাপক, কখনো সহযোগী অধ্যাপক, আবার কখনো শুধু অধ্যাপক পদবি ব্যবহার করছেন। এ ছাড়া তদন্ত কমিটি শিশির মোড়লের ওপর হামলারও প্রমাণ পেয়েছে।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ