বাংলাদেশে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। চট্টগ্রামে ৬৭ বছর বয়সী এক পুরুষের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। গর্ভবতীদের সাবধান ও সচেতনভাবে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

মন্ত্রণালয় বলছে, মশা থেকে দূরে থাকতে হবে প্রত্যেক গর্ভবতী নারীকে। কারণ জিকা ভাইরাসে তার গর্ভের সন্তানের মস্তিষ্ক অপরিপক্ক থেকে যেতে পারে এবং শিশুর মাথা স্বাভাবিকের চেয়ে আকারে ছোট হতে পারে (মাইক্রোসেফালি)।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক বলেন, ২০১৪ সালের আগস্ট মাসে আক্রান্ত একজনের রক্তের নমুনা এবার পরীক্ষা করে জিকা সনাক্ত হয়েছে। তিনি চট্টগ্রামের বাসিন্দা। ৬৭ বছর বয়সী পুরুষ রোগীটি সপরিবারে চট্টগ্রামে আছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে।

তিনি আরও জানান, আক্রান্ত রোগীর আশেপাশের ১৫৯ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। কারোর রক্তেই জিকার সংক্রমণ পাওয়া যায়নি। এমনকি রোগীর পরিবারেও কেউ আক্রান্ত হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক শামসুর রহমান বলেন, বাংলাদেশে জিকা ভাইরাসের উপস্থিতি থাকলেও একজন ছাড়া আর কোনো রোগী পাওয়া যায়নি। এ রোগ মোকাবেলায় টেস্ট কিটস রয়েছে আমাদের। যথাযথ চিকিৎসা ব্যবস্থাও রয়েছে আমাদের। দেশের সর্বত্র সেগুলো পাঠানো হয়েছে।

তিনি বলেন, জিকা প্রাণঘাতী কোনো ভাইরাস নয়। মশা কামড়ালে জিকা ভাইরাস আক্রান্ত হয়ে শরীরে কিছু উপসর্গ দেখা দেয়। সমস্যা হলো- গর্ভবতী মাকে সে মশা কামড়ালে গর্ভের শিশুর অপরিপক্ক মস্তিষ্ক নিয়ে জন্মানোর ঝুঁকির সৃষ্টি হয়। তাই তাদের বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। মশা ও জিকার আক্রমণের বিষয়ে তাদের সজাগ থাকতে হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি সক্ষম বলে গত ২২ মার্চ এক সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। একজনও যেন এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করেন, সে বিষয়ে সতর্ক রয়েছে সরকার।

জিকা ভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সকল দেশকে সতর্ক রাখতে উদ্যোগ নিয়েছে। আমরা প্রস্তুত আছি।

সচেতনতা বাড়াতে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা, প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তাই দেশের মানুষকে দেশের কোথাও জিকা ভাইরাসের কথা শুনে এটা নিয়ে ভীত না হয়ে সকলে সচেতন হতে হবে। কেননা সচেতনতাই পারে যেকোনো কঠিন বা ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে।

ওএফ