জাপানে মঙ্গলবার ‘নিউগুরি’ নামের একটি বড় ধরনের সামুদ্রিক ঝড় বা টাইফুন আঘাত হানার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে প্রলয়ংকরী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় এর মধ্যে প্রায় পাঁচ লাখ লোককে নিরাপদ স্থনে আশ্রয় নিতে বলা হয়েছে।
জাপানের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়, টাইফুন ‘নিউগুরি’ জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপে আজ আঘাত হানতে পারে। মিয়াকো দ্বীপসংলগ্ন ওই দ্বীপে ১২ লাখ মানুষের বাস।
আবহাওয়া বিভাগের একজন কর্মকর্তা বলেন, সামুদ্রিক ঝড়টি ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। এর প্রভাবে ঢেউয়ের উচ্চতা ১৪ মিটার হতে পারে। জাপানের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সে দেশের ওকিনাওয়া দ্বীপের ছয় হাজার ৫০০ বাড়িতে বিদ্যুত্ নেই।
সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জাপানের আবহাওয়া বিভাগের প্রধান সমন্বয়কারী সাতোশি ইবিহারা বলেন, ‘প্রচণ্ড বাতাস, উঁচু ঢেউ ও মৌসুমি বৃষ্টিপাত মিলে টাইফুনটি ভয়ংকর হয়ে উঠতে পারে। আমরা আগে ভাবিনি যে এ ধরনের পরিস্থিতির মুখে পড়তে হবে।’ তিনি বলেন, ‘আমরা এখন একটি অস্বাভাবিক পরিস্থিতিতে রয়েছি।’
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওকিনাওয়া দ্বীপে স্থাপিত মার্কিন বিমানঘাঁটি থেকে এর মধ্যে বেশ কিছু বিমান ও কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে।
বিমানঘাঁটির কমান্ডার জেমস হেকার অনলাইনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ওকিনাওয়ায় টাইফুনটি আঘাত হানলে এর পরিণতি খুব বিপজ্জনক হতে পারে। গত ১৫ বছরের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে আঘাত হানতে পারে।
গত বছরের নভেম্বরে হাইয়ান দ্বীপে টাইফুনের আঘাতে ৭ হাজার ৩০০ লোকের প্রাণহানি হয়। অনেকে নিখোঁজ হয়।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





