কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে—এমন খবর প্রকাশের পর বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসে। এর প্রভাবেই আগের দিনের দরপতনের ধারাবাহিকতা বজায় রয়েছে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৪৯ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ১০১ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।
এর আগে বুধবারও ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ ডলার করে কমেছিল।
বাজার বিশ্লেষকদের নজর এখন মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ পরিস্থিতি এবং সৌদি আরবের অতিরিক্ত তেল সরবরাহের উদ্যোগের দিকে। সরবরাহ পরিস্থিতির পরিবর্তন বিশ্ববাজারে তেলের দামে কী প্রভাব ফেলে, সেটিই এখন বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
এনএইচ





