ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলায় কমপক্ষে ৬০টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয় গাজা শহরে ২০ টি, খান ইউনুস শহরে ১৭টি, উত্তর গাজা উপত্যকায় ১১টি, কেন্দ্রে ১০টি এবং দক্ষিণস্থ রাফা শহরে ২টি মসজিদ ধ্বংস করেছে ইসরাইল। এছাড়া ইহুদিবাদী রাষ্ট্রটির ট্যাংকের গোলা এবং বিমান হামলায় আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ১৫০টি মসজিদ ।
দেশটির কৃষি মন্ত্রণালয় বলছে, ইসরাইলি হামালার কারণে কৃষিখাতে ২৫১ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে।
এদিকে, মঙ্গলবার থেকে শুরু হওয়া ৩ দিনের যুদ্ধবিরতি শুক্রবার সকাল ৮টায় শেষ হওয়ার পর গাজায় হামলা শুরু করেছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা জানিয়েছেন, হামলায় ৫ জন ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ৩১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ বছরের একজন বালক রয়েছে।
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) বলছে, যুদ্ধের "আকস্মিক বিপর্যয় এবং করুণ প্রভাবের" কারণে প্রায় ৪০০,০০০ ফিলিস্তিনি শিশুর জরুরি মনস্তাত্ত্বিক সাহায্য প্রয়োজন।
উল্লেখ্য, ৮ জুলাই থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় নারী, শিশুসহ প্রায় ১,৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০,০০০ ফিলিস্তিনি। অপরদিকে হামাসের প্রতিরোধে ৬৪ ইসরাইলি সেনা ও ৩ বেসামরিক ইসরাইলি নাগরিক নিহত হয়েছে। সূত্র: আল-জাজিরা, প্রেসটিভি।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





