বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নিয়মটি বি-১ (ব্যবসায়িক) এবং বি-২ (পর্যটন) অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে সব আবেদনকারীর জন্য বন্ড বাধ্যতামূলক নয়। কনস্যুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে আবেদনকারীর পরিস্থিতি বিবেচনা করে ভিসা প্রদানের শর্ত হিসেবে বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে এ ব্যবস্থা স্থায়ী করা হচ্ছে। ওই কর্মসূচির মাধ্যমে পররাষ্ট্র দপ্তর, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে বন্ডভিত্তিক ভিসা ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করে। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, এ ধরনের ব্যবস্থা ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
পাইলট কর্মসূচির সময় কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের কাছ থেকে ৫ হাজার, ১০ হাজার বা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নেওয়ার সুযোগ পেতেন। তবে নতুন নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাতিল করা হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
ফেডারেল রেজিস্টারে ৩ আগস্ট নিয়মটি প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে। নতুন এই কর্মসূচির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ। বাংলাদেশও এ তালিকায় রয়েছে।
এস