মার্কিন পুলিশের হাতে একজন নিরপরাধ কৃষ্ণাঙ্গ তরুণের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্য। পুলিশের পক্ষে আর ফারগুসন শহরের বিক্ষোভ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে সোমবার মিসৌরির গভর্নর জে নিক্সন পুলিশকে সহায়তা করার জন্য ন্যাশনাল গার্ড তলব করেছেন।
গত ৯ আগস্ট ১৮ বছর বয়সি কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে বিনা উস্কানিতে হত্যা করে একজন বর্ণবাদী শেতাঙ্গ পুলিশ। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের অন্তত ১০০টি শহরে বিক্ষোভ চলছে। রোববার ফারগুসনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে মোলোটভ ককটেল নিক্ষেপ করে; অন্যদিকে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
কিন্তু এসব অস্ত্র প্রয়োগ করেও বিক্ষোভকারীদের দমন করা যাচ্ছে না বলে ন্যাশনাল গার্ড তলব করা হলো। তাই ধারণা করা হচ্ছে, বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছেন ফারগুসনের গভর্নর।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





