চলতি মাসের শুরুতে মিয়ানমারে রাখাইন রাজ্যে আবার সেনা মোতায়েন করা হয়। চালু করে দেওয়া হয় সেই পুরানো নির্যাতন।
যার কারণে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ক্রমান্বয়ে বাড়ছে। এ পর্যন্ত চলতি মাসেই প্রায় তিন হাজারের মতো রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নেয়।
বাংলাদেশে অবস্থানরত কয়েকজন রোহিঙ্গা নেতা গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত কয়েক সপ্তাহে কমপক্ষে সাড়ে তিন হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর ফলে কক্সবাজারে নাফ নদীর কাছে জনাকীর্ণ রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চাপ আরো বেড়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড জানিয়েছে, চলতি সপ্তাহে শিশুসহ ৩১ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে তারা।
রোহিঙ্গা নেতা আবদুল খালেক বলেন, ‘রাখাইনের গ্রাম থেকে পালিয়ে শুধু বালুখালী ক্যাম্পেই এসেছে তিন হাজারের মতো রোহিঙ্গা।’
অন্য আরেক ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নেতা কামাল হোসেন বলেন, গত ১১ দিনে প্রায় ৭০০ পরিবার বাংলাদেশে এসেছে। থাকার জায়গা না থাকায় তাদের অনেকেই খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে।
গত ১২ আগস্ট রাখাইন রাজ্যে নিরাপত্তা বাড়াতে শত শত সেনা মোতায়েন করে মিয়ানমার। এ নিয়ে সমালোচনা করেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ইয়াংঘি লি। তিনি বলেন, সেনা মোতায়েন ‘বড় উদ্বেগের কারণ’।
জেড





