মুহাম্মাদ রাসুলুল্লাহ (স.) নামে চলমান সামরিক মহড়ার তৃতীয় দিনে ইরানের নৌবাহিনী নজরদারির অভিযান পরিচালনা করেছে। ইরানের দক্ষিণে নৌবাহিনীর এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ব্যাপক ভিত্তিক এ মহড়ার অংশ হিসেবে ইরানের তৈরি জামারান ডেস্ট্রয়ার এবং সরবরাহ ও যোগাযোগকারী গানবোট বুশেহর এ অভিযান পরিচালনা করে। এ ছাড়া, ইরানের নির্মিত ফতেহ বা বিজয় নামের ডুবোজাহাজের পরীক্ষাও এ মহড়ায় সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি ।

ভারি ও হালকা অস্ত্র এবং গোলাবারুদ স্থানান্তরের মধ্য দিয়ে ইরানি আর্মির স্থল বাহিনীর কমব্যাট ও সহযোগী ইউনিটগুলো এ মহড়ায় অংশ নেয়। এ ছাড়া, বোমা, বিস্ফোরক, খাদ্য ও ওষুধ পরিবহনের সক্ষম একটি পরিবহন ড্রোন এ মহড়ায় অংশ নিয়েছে।

মহড়া চলাকালে কল্পিত শত্রুর বেতার বার্তা আড়ি পেতে ধরার বিষয়ে অনুশীলন করেছে ইরানি বিমান বাহিনীর পি৩এফ বিমান । এই প্রথম মহড়ায় এ বিমানের
বেতার বার্তা আড়ি পেতে ধরার বিষয়টি ব্যবহার করা হলো। এ ছাড়া, সুখোই এসইউ-২৪ জঙ্গি বিমান, মিরেজ ফাইটার এবং এফ-৪ ফ্যানটম জঙ্গি বিমানও রণক্রীড়ায় অংশ নিয়েছে।

ইরানের পদাতিক বাহিনী শাহিন ড্রোনসহ বেশ কয়েকটি ড্রোনেরও পরীক্ষা করেছে। এসব ড্রোন থেকে সফলভাবে তথ্য সংগ্রহ ও নজরদারির কাজ করা হয়। গত বৃহস্পতিবার থেকে ছয় দিনব্যাপী এ সামরিক মহড়া শুরু হয়েছে। খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটি এতে সার্বিক সহযোগিতা দিচ্ছে। রেডিও তেহরান

ইআর