রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ চালানো ও তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মিয়ানমারের চার সামরিক ও পুলিশ কমান্ডারসহ দুটো সামরিক ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। রোহিঙ্গা নিপীড়নের জবাবে মিয়ানমারের বিরুদ্ধে এটিই এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেওয়া সবচেয়ে কঠোর পদক্ষেপ। বার্তা সংস্থা এপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

আন্ডার সেক্রেটারি ফর টেরোরিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সাইগল মানডেলকার বলেন, মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী জাতিগত নিধন, ব্যাপক হত্যাযজ্ঞ, যৌন নিপীড়ন, ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে জড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে ইউনিটগুলো ও এর নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।

এর আগে ট্রাম্প প্রশাসন মিয়ানমারের পশ্চিম সামরিক কমান্ডের প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। নতুন নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে এসব সামরিক কর্মকর্তাদের সম্পদ থাকলে তা জব্দ করা হবে এবং তাদের সঙ্গে কোনো মার্কিনী লেনদেন করতে পারবেন না। প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর নিধন অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জেড