ভারতের পাঁচ জেলের মৃত্যুদণ্ড বাতিল করে তাদের দেশে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট রাজা পাকসে বুধবার তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
হেরোইনের পাচারের দায়ে ২০১১ সালে এই পাঁচজন ভারতীয় জেলেকে আটক করেছিল শ্রীলঙ্কা। তারপর থেকে দেশটির হাইকোর্টে তাদের বিরুদ্ধে বিচার চলতে থাকে এবং গত মাসে পাঁচজনকে মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মুখপাত্র মহান সামারানায়েকে জানিয়েছেন, প্রেসিডেন্ট অভিযুক্তদের ক্ষমা করেছেন এবং এরইমধ্যে তাদেরকে দেশে ফেরত দেয়ার জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
শ্রীলঙ্কার আইন অনুযায়ী, অবৈধভাবে মাদক পাচারের ঘটনা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড অবধারিত। তবে, জেলেদের মুক্তির বিষয়ে ভারতের পক্ষ থেকে শ্রীলঙ্কার ওপর ব্যাপক কূটনৈতিক চাপ সৃষ্টি করা হয়। ১৯৭৬ সালের পর থেকে শ্রীলঙ্কায় কোনো মৃত্যুদণ্ড কার্যকরা করা হয় নি।
ইআর





