ভারতের আসাম ও মেঘালয়ে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে।
মেঘালয়ে গতকাল আরো ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে ৪০ জন প্রাণ হারিয়েছে। আসামে প্রাকৃতিক এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে। এখানকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গোয়ালপাড়া ও কামরূপের পানি কমে গেছে।
বন্যা দুর্গত মানুষকে সরিয়ে আনতে ও ত্রাণ সামগ্রী সরবরাহে সহায়তা করার জন্য নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অব ইন্ডিয়া আজ থেকে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত দুটি বিশেষ ট্রেন সার্ভিস চালু করবে। নিউ বনগাইগাঁও থেকে গোয়ালপাড়া ও গৌহাটি থেকে ছাইগাঁও রুটে ট্রেন দুটি চলাচল করবে।
বৃষ্টিপাত থেমে যাওয়ায় আসামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। মেঘালয়ের আকস্মিক বন্যায় আসামের এই ভাটি অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিভিন্ন সংস্থার লোকেরা ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রশাসন গোয়ালপাড়ায় ৮৮টি ও কামরূপে ৫৪টি অস্থায়ী আশ্রয় শিবির স্থাপন করেছে। আশ্রয় শিবিরগুলোতে ১ লাখ ২৫ হাজার লোক আশ্রয় নিয়েছে।
বন্যায় গৌহাটি ও গোয়ালপাড়ার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





