সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আশ-শেইখ সিরিয়া ও ইরাকের বিদ্রোহী যোদ্ধা গোষ্ঠী আইএসআইএলকে (বর্তমান আইএস) ইসলামের এক নম্বর শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি।

সৌদি আরবের সুপরিচিত এই মুফতি আইএসআইএল এবং আল-কায়েদাসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপারে সৌদি সরকারের ভূমিকায় আমূল পরিবর্তনও চেয়েছেন।

এর আগে গত সপ্তাহে মিশরের গ্র্যান্ড মুফতি শাওকু আলমও একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ইসলাম ও মুসলমানের জন্য আইএসআইএল ভয়াবহ বিপদ হয়ে দেখা দিয়েছে। আইএসআইএল ইসলামের ভাবমর্যাদা নষ্ট করছে এবং ফ্যাসাদ ছড়িয়ে দিচ্ছে।

এ ছাড়া, ইরাকি মন্ত্রিসভা সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, আইএসআইএলকে আর্থিক ও নৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে সৌদি আরব। জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে দেয়া তথ্যে ইরাক বলেছে, দেশটিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য রিয়াদকে দায়ী করতে হবে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ