জাতিসঙ্ঘ-সমর্থিত আন্তর্জাতিক সমুদ্রসীমা ট্রাইবুনাল আজ মঙ্গলবার এক রায়ে জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের ওপর চীনের কোনো 'ঐতিহাসিক অধিকার' নেই।
হেগ ট্রাইবুনালের রায়ে বলা হয়, চীন স্কারবোরো খাড়িতে ফিলিপাইনের মাছ ধরার অধিকারে হস্তক্ষেপ করছে।
এই সাগর নিয়ে আশপাশের দেশগুলোর সাথে চীনের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। চীন তার অধিকার ছাড় দিতে নারাজ। ফলে অনেক দিন ধরেই এ নিয়ে উত্তেজনা চলছে।এই রায়ের ফলে দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান মজবুত হলো। আর চীনের জন্য সমস্যার কারণ হতে পারে।
তবে আঁচ করতে পেরে চীন আগেই জানিয়েছিল, তারা এই রায় মেনে নেবে না।
চীন দাবি করছে, দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশ এলাকা তাদের। এর মধ্যে কয়েকটি রিফ ও দ্বীপও রয়েছে। আরও কয়েকটি দেশও সাগর এবং রিফ ও দ্বীপগুলো তাদের বলে দাবি করছে।
চীন বলছে, তারা আন্তর্জাতিক আদালতকে মানে না। আদালতকে স্বীকৃতিও দেয় না। আদালতে অংশ নিতে অস্বীকারও করে তারা।
এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরীয় এলাকায় একটি রণতরী ও বেশ কিছু সংখ্যক জঙ্গি বিমান পাঠিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেছে চীন। দেশটির রাষ্ট্র পরিচালিত ঘোর জাতীয়তাবাদী দৈনিক গ্লোবাল টইমসে প্রকাশিত এক সম্পাদকীয়তে সামরিক সংঘাতে প্রস্তুত থাকার জন্য চীনের নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।
আবার বিতর্কিত পার্সেল দ্বীপপূঞ্জের কাছে চীনা নৌবাহিনী সমরিক মহড়া শুরু করেছে।
জেড





