মিশরে মুসলিম ব্রাদারহুড ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক নারী সাংবাদিকসহ ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার রাতে দেশটির রাজধানী কায়রোর পূর্বাংশে এঘটনা ঘটেছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও এদিন আলেকজান্দ্রিয়াসহ অন্যান্য শহরেও ব্রাদারহুড কর্মীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।
নিহতের সহকর্মীদের বরাত দিয়ে বেসরকারি পত্রিকা 'আল দুস্তর' জানিয়েছে সেই নারী সাংবাদিকরে নাম মায়াদা আশরাফ। সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় তাকে মর্মান্তিকভাবে গুলি করে মারা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনী না ব্রাদারহুডকর্মীদের গুলিতে তিনি মারা গেছেন তা এখনো জানা যায়নি। এছাড়া বাকী দুজনের পরিচয়ও জানা যায়নি।
রাষ্ট্রীয় গণমাধ্যম মীনা জানিয়েছে, মায়াদাকে উদ্ধারে এ্যামবুলেন্স গেলেও উত্তপ্ত পরিস্থিতিতে তাকে ঠিক সময়ে চিকিৎসা সেবা দেয়া সম্ভব হয়নি।
এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মিশরের সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন আবদুল ফাত্তাহ আল-সিসি। আর এই পদত্যাগের ঘোষণা রাষ্ট্রীয় টেলিভিশনে ফলাও করে প্রচারও করা হয়।
মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে গত জুলাইয়ে ক্ষমতাচ্যুত করেন আল-সিসি। বলা হয় তিনি দেশটির গণতন্ত্রের উত্তোরণের যাত্রাকে থামিয়ে দেন।
তবে ধারণা করা হচ্ছে সিসি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন। কারণ তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তিনি দেশটির সবচেয়ে জনপ্রিয় দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছেন। দলটির নেতাকর্মীদের কারাগারে বন্দী রেখেছেন। এখন তাদের অনেককে ফাঁসি দেয়ার পায়তারা চলছে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]