রাশিয়ার বিমান বাহিনী গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর ২৯টি শিবিরসহ অন্যান্য স্থাপনায় আঘাত হেনেছে। এ খবর দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ শনিবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ২৯টি সন্ত্রাসী শিবির, ২৩ স্থাপনাসহ সন্ত্রাসী সেনাদের কয়েকটি অবস্থান এবং সামরিক সরঞ্জামের ওপর রুশ যুদ্ধবিমানগুলো আঘাত হেনেছে।
রুশ বিমান বাহিনী সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৪ দফা অভিযান চালিয়ে ৫৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানান তিনি। এ সব অভিযানের মুখে সন্ত্রাসীগোষ্ঠীর শক্তি উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তিনি বলেন, অভিযানের প্রাথমিক পর্যায়েই রুশ যুদ্ধবিমানগুলো আইএসআইএল’এর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। রুশ বোমা বর্ষণের মুখে এ সন্ত্রাসীগোষ্ঠী জ্বালানি ও গোলাবারুদের ঘাটতিতে পড়েছে।
তিনি বলেন, আড়িপেতে এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পাওয়া তথ্য থেকে এ বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া, সন্ত্রাসীগোষ্ঠীর অনেক সদস্যই যুদ্ধ এলাকা থেকে ভাগতে শুরু করেছে । তারা পূর্বাঞ্চলীয় ও উত্তর পূর্বাঞ্চলে ভেগে যাচ্ছে বলে জানান তিনি। সূত্র: রেডিও তেহরান
ইআর





