নতুন রাজধানীর ঘোষণা দিতে যাচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশ। বৃহস্পতিবার এই ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান রাজধানী হায়দরাবাদ হাতছাড়া হয়ে যাওয়ায় নতুন রাজধানী খুঁজতে হচ্ছে অন্ধ্র প্রদেশকে। খবর এনডিটিভি'র।
উল্লেখ্য, অন্ধ্র প্রদেশ ভেঙ্গে তেলেঙ্গানা প্রদেশ করা হয়েছে। আর এতে করে রাজধানী হায়দরাবাদ পড়েছে নতুন প্রদেশ তেলেঙ্গানায়। ফলে, রাজধানী হারিয়ে বাধ্য হয়েই নতুন রাজধানী খুঁজতে হচ্ছে অন্ধ্রবাসীদেরকে। তবে, এখন রাজধানীর স্থান নির্ধারিত হবে। এরপর তা ধীরে ধীরে রাজধানীর উপযুক্ত করে তোলা হবে। কেন্দ্রীয় সরকার অবশ্য ২০২৪ সাল পর্যন্ত হায়দরাবাদকে দুই প্রদেশের রাজধানী হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে।
নতুন রাজধানী স্থাপিত হতে পারে গান্টার বা ভিজয়াভাদায়। তবে, এর বিরোধিতা করছে পার্লামেন্টের বিরোধী দল। তাদের যুক্তি, গান্টারও ভিজয়াভাদায় প্রচুর উর্বর কৃষিজমি বিদ্যমান। সেখানে রাজধানী করার মতো পর্যাপ্ত জমি পাওয়া যাবে না।
আর ভিজয়াভাদায় প্রাদেশিক সরকারের রাজধানী করার কারণ হিসেবে বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস বলেছে, ভিজয়াভাদার পাশে বিশাল জমি কিনে রেখেছেন প্রদেশটি শাসনরত দল তেলেগু দেশম পার্টির এক নেতা। আর তিনিই মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ুকে সেখানে রাজধানী স্থানান্থরের জন্য চাপ প্রয়োগ করছেন।
বিরোধী দল চাচ্ছে রায়েলাসীমায় রাজধানী স্থানান্থর করতে। রাজধানী খোঁজার জন্য কেন্দ্রীয় সরকারও একটি মনিটরিং টিম পাঠিয়েছে। সূত্র: এনডিটিভি
ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





