ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আজ (সোমবার) গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের একটি পাইলট বিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে।
এ ঘটনায় ইসরাইলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি দখলদার ইসরাইলের বুকে রীতিমতো কাপন ধরিয়ে দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেল ‘আল-আলম’ জানিয়েছে, হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসসাম ব্রিগেড গাজার পূর্বাঞ্চলীয় ‘শুজাইয়া’ এলাকায় ইসরাইলের একটি গোয়েন্দা বিমান ধ্বংস করেছে। এর আগেও হামাস কয়েকটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছিল।
এদিকে, আজ (সোমবার) বিকেলে কাসসাম ব্রিগেডের সদস্যরা ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ‘এশকোল’ উপশহরে ১০৭ মিলিমিটারের দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া অন্য প্রতিরোধ সংগঠনগুলোও ইসরাইলের বিভিন্ন স্থানে বহু ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর ফলে ইহুদিবাদীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ফিলিস্তিনিদের রকেট হামলায় গতকাল অন্তত পাঁচ ইহুদিবাদী আহত হয়। এছাড়া হামাসের রকেটের আতঙ্কে ইহুদিবাদীদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এর আগে ইহুদিবাদী ইসরাইলের একটি পাইলটবিহীন গোয়েন্দা বিমান বা ড্রোন ভূপাতিত করে ইরান। ইরানের ইসলামি রেভ্যুলুশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি গতকাল (রোববার) এক বিবৃতিতে জানায়, এ বাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগ ড্রোনটি ভূপাতিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, আকাশ প্রতিরক্ষা বিভাগ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ড্রোনটিতে বিধ্বস্ত করেছে। রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোনটিকে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত নাতাঞ্জ পরমাণু স্থাপনার আকাশে পাঠিয়েছিল তেল আবিব। কিন্তু পরমাণু স্থাপনার আকাশে ঢোকার আগেই আইআরজিসি এটিকে শনাক্ত করে ভূপাতিত করে।
ইরানের হাতে ড্রোন বিধ্বস্ত হওয়ার একদিনের মাথায় খোদ হামাসের হাতে ড্রোন বিধ্বস্ত হওয়ায় ইসরাইলের সামরিক সক্ষমতা নিয়ে দেশটি নতুন করে দু:শ্চিন্তায় পড়েছে। পাশপাশি ইসরাইলের সীমাহীন আগ্রাসন ও গণহত্যার পরও দিন দিন হামাস যে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে সেটাই প্রমাণিত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত আটই জুলাই থেকে নিরীহ গাজাবাসীর ওপর ভয়াবহ হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। এর ফলে এ পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। (সূত্র: আইআরআইবি)
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি





