শুক্রবার এক বিবৃতিতে জোট জানায়, খামিস মুশাইত ও জাজান শহরের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। পরে সেগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। একই সময়ে খামিস মুশাইতের আকাশে আরও চারটি ড্রোন ধ্বংসের দাবি করা হয়।
জোটের ভাষ্য, হুথিদের হামলা মোকাবিলা এবং তাদের সামরিক তৎপরতা ঠেকাতে প্রয়োজনীয় অভিযান ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখা হবে। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছিল, মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, গত ২৯ সেপ্টেম্বর ভোরে ওই হামলা চালানো হয়। এতে একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও সৌদি আরবের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান তিনি।
এর আগে ১৫ সেপ্টেম্বরও সৌদি জোট জানিয়েছিল, মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। জোটের দাবি ছিল, ড্রোনটি হুথিদের এবং মক্কার নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই সেটিকে ধ্বংস করা হয়।
ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে প্রায়ই সৌদি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ-পাল্টা অভিযোগ সামনে আসে।
সূত্র: আনাদোলু
এস











