বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। মৃত্যুদূতের মতো নিঃশব্দে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি।

এখনো পর্যন্ত এদেশে ৩৪ জন রোগীর দেহে ওই ভাইরাস থাকার নিশ্চিত প্রমাণ মিলেছে। তবে এবার করোনা আতঙ্ক গ্রাস করেছে ভূস্বর্গকেও।

ইতিমধ্যেই জম্মু ও কাশ্মিরে দু'জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ, তাদের শারীরিক পরীক্ষা চলছে, তবে তাদের ওই পরীক্ষার ফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে সেখানকার প্রশাসন। প্রাথমিক সতর্কতা হিসাবে জম্মু ও সাম্বা জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

“জম্মু থেকে সন্দেহভাজন দু'জন রোগীর প্রাথমিক শারীরিক পরীক্ষার রিপোর্ট মিলেছে। দুজনেই প্রবল রোগে ভুগছেন। তাদের পরীক্ষার ইতিবাচক ফল মেলার প্রবল সম্ভাবনা রয়েছে”, শনিবার (০৭ মার্চ) সকালে কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্য সচিব রোহিত কনসাল টুইট করে জানান এই কথা।

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, করোনাভাইরাস বিশ্বের সামনে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে উঠে এসেছে এবং সবাইকে একসাথে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

ভারতের করোনাভাইরাসে সংক্রামিত ৩৪ জনের মধ্যে ১৬ জনই ইতালীয় পর্যটক। তবে সম্প্রতি দিল্লির যে ব্যক্তি ওই ভাইরাসে আক্রান্ত বলে প্রমাণ মিলেছে তিনি কিছুদিন আগে থাইল্যান্ড এবং মালয়েশিয়া বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায়। তবে ওই রোগী বর্তমানে স্থিতিশীল এবং কড়া পর্যবেক্ষণ রাখা হয়েছে তাকে বলে একটি সূত্র জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু অনুসারে, এই রোগে গোটা বিশ্বে এক লাখেরও বেশি লোক সংক্রামিত হয়েছে এবং ৩,৫০০ জন মারা গেছে।

এই ভাইরাস প্রথম ধরা পড়ে চীনের উহানে। সেখান থেকে বর্তমানে বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস, রেহাই পায়নি ভারতও। তথ্য সূত্র- এনডিটিভি

এমবি