তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একথা বলেছেন, সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী (ওয়াইপিজি) কে আমেরিকা অর্থ দেয়া বন্ধ না করার যে ঘোষণা দিয়েছে তা তুরস্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রভাব ফেলবে।  

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট এরদোগান একথা বলেন।

চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তুরস্কে সফরে যাবেন বলে কথা রয়েছে। তার আগে এরদোগান এ বক্তব্য দিলেন।

সংসদ সদস্যদের উদ্দেশে দেয়া বক্তৃতায় এরদোগান আরও বলেন, “এটা খুবই পরিষ্কার যে, যারা বলেন- ‘আমাদের ওপর আঘাত এলে আমরাও জবাব দেব’ তারা কখনো উসমানীয় চড় খান নি।”মার্কিন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল পল ফ্রাংককে উদ্দেশ্য করে দৃশ্যত এরদোগান এ কথা বলেছেন।

গত সপ্তাহে সিরিয়ার মানবিজ সফরের সময় ফ্রাংক বলেছিলেন, তুরস্কের দাবি সত্ত্বেও মানবিজে মার্কিন সেনারা থাকবে।

সেসময় তিনি দাবি করেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের (আইএস) বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে ওয়াইপিজি হচ্ছে সবচেয়ে কার্যকর শক্তি। শুধু তাই নয়, ওয়াইপিজি’র বিরুদ্ধে তুর্কি সেনা অভিযানের মধ্যেই মার্কিন বাহিনী কুর্দি গেরিলাদের জন্য অস্ত্র ও প্রযুক্তিগত সহায়তা বাড়িয়েছে।

এমবি