গত কয়েকদিনের টানা বর্ষণে ইংল্যান্ড স্কটল্যান্ডের প্রায় অর্ধেক অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এর সঙ্গে আজ সকাল থেকে অঝোরে ঝরছে বৃষ্টি সঙ্গে বজ্রপাতও হচ্ছে।
ইউরোপের ২৮ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্য থাকবে কি থাকবে না তা নিয়ে চলছে গণভোট ।
বন্যায় প্লাবিত হওয়ায় লন্ডনে দুটি ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের রায় প্রদান করছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গণভোটে চার কোটি ৬০ লাখেরও বেশি ভোটার যুক্তরাজ্যের ভাগ্য নির্ধারণ করছেন। জনমত জরিপে গণভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
যুক্তরাজ্যের স্থানীয় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে রাত ১০টা পর্যন্ত। ইংল্যান্ড, স্কটল্যান্ড,ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডসহ পুরো যুক্তরাজ্যেজুড়ে এ ভোট গ্রহণ চলছে। আর আগামীকাল শুক্রবার এই গণভোটের ফল ঘোষণা হবে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যজুড়ে বজ্রপাতের ঘটনায় ফায়ার সার্ভিসের কাছে ৫৫০টিরও বেশি কল এসেছে।
সকাল ১০টা নাগাদ তারা ৪০০টিরও বেশি ঘটনাস্থল পরিদর্শন করেছে। বজ্রপাতে ক্ষতিগ্রস্ত কয়েকটি স্থানে দ্রুত সেবা দিয়েছে তারা।
দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, বুধবার রাতে দক্ষিণ ইংল্যান্ড ও লন্ডনে তুমুল ঝড় এবং বজ্রপাত হয়। বৃহস্পতিবার সকালেও ঝড়বৃষ্টি অব্যাহত ছিল।
এদিকে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ বৃষ্টি শুক্রবার সকাল পর্যন্ত একটানা চলতে পারে।
আর এমন ঝঞ্ঝাবিক্ষুব্ধ দিনেই যুক্তরাজ্যের মানুষ তাদের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটে অংশ নিচ্ছে। যুক্তরাজ্যের ইতিহাসে এটি তৃতীয় বারের মতো গণভোট অনুষ্ঠান।
ইইউর জোটের বিষয়ে দেশটির জনগণের এই সিদ্ধান্ত দেশটির ভবিষ্যৎ পথ চলায় ব্যাপক প্রভাব রাখবে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।
এসএম





