ভিয়েনায় ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় অগ্রগতি হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, একটি চূড়ান্ত চুক্তি সই করার জন্য আগামী মাসে  চুক্তির খসড়া তৈরির কাজ শুরু হবে।
আলোচনায় জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, “কিভাবে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছা যায় সে ব্যাপারে আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি। সে পরিকল্পনার পাশাপাশি খসড়া তৈরির কাজ আমরা মে মাসে শুরু করব।”
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সৃষ্ট সংকট সমাধানের লক্ষ্যে গত বছরের ২৪ নভেম্বর জেনেভোয় দু’পক্ষ একটি অন্তর্বর্তী চুক্তি সই করেছে। ছয় মাসব্যাপী চুক্তিটি গত ২০ জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। ওই মার্কিন কর্মকর্তা বলেন, “নির্ধারিত ছয় মাসের মধ্যে চূড়ান্ত চুক্তি সই করার ব্যাপারে সব পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যে এটি করতে পারবো সে ব্যাপারে আমি নিশ্চিত।”
ছয় মাসের চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছু পরিবর্তন আনবে এবং পশ্চিমা দেশগুলো তেহরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এরইমধ্যে দু’পক্ষ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। চুক্তির ভিত্তিতে পশ্চিমা দেশগুলো অন্তর্বর্তী এ চুক্তি বাস্তবায়নের সময়ে তোহরানের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ না করতেও সম্মত হয়েছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ০৫ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]