বাগদাদ ও এর আশপাশের এলাকায় পৃথক দুটি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র অনুযায়ী এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাগদাদের শিয়া অধ্যুষিত কাদিমিয়াহ এলাকায় নিরাপত্তা চৌকিতে এক আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত হন। এলাকাটি শিয়াদের নিকট একটি পবিত্র স্থান। এখানে প্রায়ই হামলা হয়ে থাকে।
আরেকটি হামলা চালানো হয় বাগদাদের উত্তরে এক শহরতলীতে। সেখানে হামলায় নিহত হন ২ জন।
হামলার দায়ভার তাৎক্ষণিকভাবে কোন পক্ষ স্বীকার করেনি। ইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ার পূর্বাঞ্চলীয় বিশাল এলাকা নিয়ে পৃথক দেশ গঠন করেছে ইসলামিক স্টেট বা আইএস। সুন্নীপন্থী এই সংগঠনটি প্রায়ই শিয়াদের উপর হামলা চালিয়ে থাকে। এর আগে গত শনিবার বাগদাদে কয়েকটি হামলায় নিহত হন ৩৭ জন।
সহিংসতা সত্ত্বেও গত শনিবার বাগদাদের উপর থেকে এক যুগের কারফিউ তুলে নেয় সরকার। ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে বাগদাদে এক যুগ ধরে রাত্রিকালীন কারফিউ জারী ছিল। জনসাধারণের জীবনযাত্রা স্বাভাব্কি করতেই কারফিউ প্রত্যাহার করে নিয়েছে সরকার।
এমএ





