সরকারি হিসাব অনুযায়ী, এ মুহূর্তে জার্মানিতে প্রায় ৮ লাখ ৬০ হাজার গৃহহীন মানুষ রয়েছেন যাঁদের মধ্যে অর্ধেকেরও বেশি হলেন শরণার্থী৷
আর ২০১৮ সাল নাগাদ গৃহহীন মানুষের এ সংখ্যা আরো ৪০ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ১২ লাখে৷
গৃহহীনদের সহায়তাকল্পে জার্মানির ফেডারেল ওয়ার্কিং গ্রুপ বা বিএজি-এর মতে, ২০১৫ সালে জার্মানিতে ১০ লাখ শরণার্থী প্রবেশের সরকারি সিদ্ধান্তের ফলে সামাজিক গৃহায়নের সুবিধা সংকুচিত হয়েছে৷ এতে করে দেশে ক্রমান্বয়ে বেড়েছে গৃহহীন মানুষের সংখ্যা৷
২০১৬ সালের ফেডারেল পরিসংখ্যান অনুয়ায়ী, ২০১৪ সালের তুলনায় জার্মানিতে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে ১৫০ ভাগ৷ মোট ৮ লাখ ৬০ হাজার গৃহহীনের মধ্যে শরণার্থীর সংখ্যা অর্ধেকেরও বেশি৷ অবশ্য রিপোর্টে এ কথা উল্লেখ করা হয় যে, শরণার্থী মাত্রই থাকার জায়গা পাচ্ছেন না, এমন নয়৷
অসংখ্য শরণার্থী জার্মানিতে ‘কমিউনাল হাউজিং' ও আশ্রয়কেন্দ্রেও অবস্থান করছেন৷ তাদের মতে, পরিসংখ্যানের মাধ্যমে অসংখ্য মানুষের আবাসনের প্রয়োজনীয়তার দিকটি তুলে ধরা হয়েছে৷
এএস





