সৌদি আরবের মক্কা নগরীতে একটি দেয়াল ধসে পাঁচ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় বিকাল সোয়া ৩টার দিকে পবিত্র কাবা শরিফ সংলগ্ন জেবেল কাবা প্রকল্পের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মক্কা সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট। তবে নিহত শ্রমিকদের মধ্যে বাংলাদেশি আছেন কি না তা এখনো জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণসামগ্রী ও ভারি যন্ত্রপাতি রাখার কারণে দেয়াল ধসে পড়তে পারে।

সিভিল ডিভেন্স ও অন্য শ্রমিকরা ভারি যন্ত্রপাতি ব্যবহার করে বালু ও কংক্রিটের ভেতর থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে।

আশঙ্কা করা হচ্ছে, ধসে পড়া দেয়ালের নিচে আরো ২০ জন আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্মাণাধীন এই ১৫ মিটার দেয়াল কী করে হঠাৎ ধসে পড়লো তার কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, ক্রমবর্ধমান হজযাত্রীদের স্থান সঙ্কুলান করতে মক্কায় সম্প্রসারণ কার্যক্রম চলছে। এ প্রকল্পের আওতায় কাবার পাশের প্রধান মসজিদটিও সম্প্রসারিত করা হচ্ছে।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর