ইহুদিবাদী ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে এর বিচারের দাবি জানিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ভয়াবহ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে এ দাবি জানিয়েছেন তিনি।
একই সঙ্গে ইসরাইলের সঙ্গে ১৯৭২ সালে স্বাক্ষরিত ভিসা চুক্তি বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট মোরালেস। তিনি বলেন, “ইসরাইলিদেরকে আর স্বাধীনভাবে বলিভিয়ায় ঢুকতে দেয়া হবে না। এর অর্থ হচ্ছে, আমরা ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করছি।”
২০০৯ সালে গাজা উপত্যকার ওপর আগ্রাসন চালানোর পর ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল বলিভিয়া।
বলিভিয়ার প্রেসিডেন্ট বলেন, "গাজায় চলমান আগ্রাসন থেকে প্রমাণ হয়, মানুষের জীবনের কোনো মূল্য ইসরাইলের কাছে নেই এবং সে মানবাধিকারকে তোয়াক্কা করে না।"
চলতি মাসের গোড়ার দিকে মানবতা বিরোধী অপরাধ করার জন্য ইসরাইলের বিচার করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট মোরালেস।
গাজায় ইসরাইলি পাশবিক হামলায় বলিভিয়ার পাশাপাশি ল্যাতিন আমেরিকার আরো কয়েকটি দেশ ক্ষুব্ধ হয়েছে। গত মঙ্গলবার ইসরাইলে নিযুক্ত নিজ নিজ রাষ্ট্রদূতকে দেশে তলব করেছে চিলি ও এল সালভেদর। এরপর ইকুয়েডর, ব্রাজিল ও পেরুও একই ব্যবস্থা নিয়েছে।
ঢাকা, ৩১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





